শিল্পের রাজধানী: জামদানির সূচনা ও গৌরব
শিল্পের রাজধানী: জামদানির সূচনা ও গৌরব
ঢাকা- বাংলাদেশের এমন একটি জেলা যা তার বর্ণাঢ্য ইতিহাস, সমৃদ্ধ সংস্কৃতি এবং অনন্য ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। এই জেলার মাটিতে যেমন লুকিয়ে আছে মুঘল আমলের শাসনকালীন স্মৃতি, তেমনই রয়েছে এক অনন্য শিল্পকলা, যা যুগ যুগ ধরে বাংলার গৌরব বহন করে আসছে। এই গৌরবময় শিল্পের নাম জামদানি।
দেশ থেকে দেশান্তরে জামদানি শাড়ি গায়ে জড়াননি কিংবা জড়াবার আকাঙ্ক্ষা রাখেননি এমন বাঙ্গালি রমণী বিরল। ইতিহাস থেকে জানা যায় যে, একসময় অভিজাত রাজ বংশীয় নারী এবং পুরুষ উভয়ই জামদানি কাপড় দিয়ে তৈরী পোশাক পরতেন।
জামদানির সৌন্দর্য ও আভিজাত্যই এর প্রধানতম বৈশিষ্ট্য। সূক্ষ্ম বুননশৈলী, অপূর্ব নকশা, এবং দীর্ঘকালীন ঐতিহ্যের মিশেলে তৈরি ঢাকাই জামদানি শুধুমাত্র এক টুকরো কাপড় নয়; এটি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস এবং তাঁতিদের অদম্য দক্ষতার এক জীবন্ত নিদর্শন।
সম্প্রতি এই বিখ্যাত জামদানি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে ভৌগোলিক নির্দেশক (Geographical Indication বা GI) পণ্য হিসেবে, যা জামদানির গৌরবকে বিশ্বমঞ্চে নতুন মাত্রা দিয়েছে। শুধুমাত্র তাই নয় এই শিল্পকে ২০১৩ সালে ইউনেস্কো Intangible Heritage of Humanity হিসেবে স্বীকৃতি দেয়।
জামদানির ইতিহাস
জামদানির ইতিহাস বহু প্রাচীন। ধারণা করা হয় এর উৎপত্তি খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে অর্থাৎ মৌর্য যুগে। তবে যুগ পেরিয়ে মুঘল শাসনামলে এর খ্যাতি চূড়ান্ত শিখরে পৌঁছায়। মুঘল সম্রাট আকবরের শাসনামলে মসলিন এবং জামদানি শাড়ি রাজকীয় পোশাকের মর্যাদা লাভ করে।
শোনা যায় সে সময় দিল্লীর সম্রাট জাহাঙ্গীর, আওরঙ্গজেব এর পোশাক থেকে সমস্ত রাজকীয় পোশাক তৈরি হতো ঢাকাই জামদানি ও মসলিন কাপড় দিয়ে। এছাড়াও ইউরোপীয় এবং ইরানি বণিকেরা মসলিন এবং জামদানি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এই শাড়ি মূলত তৈরি হতো ঢাকার তৎকালীন সোনারগাঁ, ধামরাই, তিতাবাড়ি, বাজিতপুর প্রভৃতি অঞ্চলে।
ঢাকা: জামদানির আদর্শ স্থান
ঢাকা এবং জামদানি যেন একে অপরের পরিপূরক। এ কারণেই জামদানির নাম ঢাকাই জামদানি। মুঘল শাসনামলে ঢাকা ছিল এ শিল্পের প্রধান কেন্দ্র। এর পেছনে এ অঞ্চলের ভূগোল, সংস্কৃতি এবং শ্রমশক্তির অনন্য সংমিশ্রণ ছিল গুরুত্বপূর্ণ। ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে পাওয়া যেত অত্যন্ত ভালো মানের তুলা, যা জামদানি তৈরির প্রধান উপকরণ। এছাড়া শীতলক্ষ্যা নদীর অববাহিকা ও জলের গুণাগুণ, উপকরণ অর্থাৎ জামদানির সুতার বিভিন্ন ধাপ প্রক্রিয়াজাত করার জন্য বিশেষভাবে ভুমিকা রাখে।
জামদানির জিআই স্বীকৃতি: আন্তর্জাতিক সম্মান
২০১৬ সালে জামদানি আন্তর্জাতিকভাবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। এই স্বীকৃতির অর্থ- জামদানি শুধুমাত্র বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য এবং এটি ঢাকার নির্দিষ্ট অঞ্চলের তাঁতিদের হাতে প্রস্তুতকৃত। এই আন্তর্জাতিক স্বীকৃতি জামদানি তাঁতিদের কঠোর পরিশ্রম এবং সৃষ্টিশীলতার প্রতি একটি অনন্য সম্মান। জিআই স্বীকৃতির ফলে বিদেশি ক্রেতারাও এখন জানেন যে, জামদানি শুধু একটি শাড়ি নয়, বরং এটি এক অনন্য শিল্পকর্ম।
সূক্ষ্ম বুননে তাঁতিদের অসামান্য দক্ষতা
জামদানি এক ধরনের শিল্পকলা। এটি সম্পূর্ণ হাতে তৈরি এবং খুবই কষ্টসাধ্য কাজ, যেখানে প্রয়োজন হয় অত্যন্ত সূক্ষ্ম দক্ষতা এবং ধৈর্য। তুলার সুতা ব্যবহার করে হস্তচালিত তাঁতের মাধ্যমে তাঁতিদের হাতে গড়ে ওঠে ফুল বা বিভিন্ন জ্যামিতিক আকারের সূক্ষ্ম নকশা। রং করে, বিভিন্ন ধাপে মাড় দিয়ে, রোদে শুকিয়ে নকশা তোলার জন্য সুতাকে বিভিন্ন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। এরপর তাঁতের ফ্রেমে সুতাকে গেঁথে দু’জন তাঁতি মিলে নিখুঁতভাবে জামদানির নকশা তোলেন।
নকশাগুলোর প্রেরণা আসে প্রকৃতির বিভিন্ন উপাদান যেমন- ফুল, পাখি, পাতা, নদীর ঢেউ, প্রভৃতি থেকে। মোটিফগুলোর নামও বাহারি- আঙ্গুরলতা, ময়ূরপাখা, শবনম, জুঁইবুটি, পুঁইলতা, বাঘনলি, পান্নাহাজার, তেরছা, ইত্যাদি। একেকটি জামদানি শাড়ি বুনতে সময় লাগে ১ সপ্তাহ থেকে ৬ মাস। কখনো কখনো ১ বছর পর্যন্তও সময় লেগে যায়! এ কারণেই জামদানির তাঁতিরা শুধুমাত্র কারিগর নন; তারা একাধারে শিল্পী এবং ইতিহাসের ধারক।
জামদানির আধুনিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা
যদিও জামদানি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, তবে এই শিল্পটি এখনো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। আধুনিক মেশিনে তৈরি শাড়ি বাজারে সস্তায় পাওয়া যায়, যা হাতে তৈরি জামদানির চাহিদা কমিয়ে দিচ্ছে দিনকে দিন। এছাড়া তাঁতিদের প্রাপ্য মজুরি নিয়ে অসন্তোষও রয়েছে।
তবে, সরকারের পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগের ফলে জামদানি শিল্প একটি নতুন জাগরণের পথে রয়েছে। বর্তমানে দেশ-বিদেশের ফ্যাশন ডিজাইনাররা জামদানি শাড়িকে তাদের সৃজনশীল কাজের সঙ্গে মিশিয়ে নতুন মাত্রা দিচ্ছেন।
জামদানি তাই শুধুমাত্র শাড়িতে আটকে নেই, এটি দিয়ে এখন তৈরি হচ্ছে পাশ্চাত্যের মিশেলে মেয়েদের নানা রকমের পোশাক, ব্যাগ, জুতো, অন্দরসজ্জার পণ্যসামগ্রী, এমনকি ছেলেদের পোশাকও।
ঢাকা, জামদানির মূল কেন্দ্র হিসেবে, এ শিল্পের সঠিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সঠিক পৃষ্ঠপোষকতা, ন্যায্য মজুরি প্রদান এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে জামদানির এই ঐতিহ্য আরো বহু বছর ধরে অটুট থাকবে এটাই আমাদের প্রত্যাশা।
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন