পিরোজপুরের পেয়ারা বাগান, বাংলাদেশের ‘মিষ্টি আপেল’ বিপ্লব
কথার কাগজ শ্যামল কথা গবেষণার ধারাবাহিক প্রতিবেদনের অংশ
পিরোজপুরের পেয়ারা বাগান, বাংলাদেশের ‘মিষ্টি আপেল’ বিপ্লব
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবুজে ঘেরা জেলা পিরোজপুর। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এবং কৃষিতেও এক অনন্য পরিচিতি বহন করে। এ জেলার অর্থনীতিতে অন্যতম প্রধান ফসল হচ্ছে পেয়ারা।
বিশেষ করে স্বরূপকাঠি, নেছারাবাদ ও ভাণ্ডারিয়া উপজেলার পেয়ারা বাগানগুলোর খ্যাতি দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। এখানকার সুস্বাদু, রসালো ও সম্পূর্ণ প্রাকৃতিকভাবে উৎপাদিত পেয়ারা স্থানীয় ও জাতীয় বাজারে ব্যাপক চাহিদাসম্পন্ন।
পিরোজপুরের পেয়ারা চাষ কৃষি অর্থনীতিতে এক বিপ্লব ঘটিয়েছে, যা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এনেছে।
পিরোজপুর যে কারণে পেয়ারা চাষের জন্য উপযুক্ত
বস্তুত, পিরোজপুরের পেয়ারার স্বাদ অন্য অঞ্চলের পেয়ারার চেয়ে আলাদা। কিন্তু কেন? কারণ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত পিরোজপুর জেলা নদীবাহিত পলিমাটির জন্য বিশেষভাবে সমৃদ্ধ। এখানকার নদীগুলো, যেমন কচা, বলেশ্বর, সন্ধ্যা, কালীগঙ্গা এসব নদীর আশপাশের ভূমি এতটাই উর্বর যে এখানে রাসায়নিক সার ছাড়াই পেয়ারা দারুণ স্বাদযুক্ত হয় এবং এর পুষ্টিগুণও বাড়িয়ে তোলে।
পিরোজপুরের উষ্ণ-আর্দ্র জলবায়ু পেয়ারা চাষের জন্য অত্যন্ত সহায়ক। এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যা পেয়ারা গাছের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে। সুন্দরবনের কাছাকাছি হওয়ায় এখানকার মাটিতে নোনা ও মিষ্টি জলের মিশ্রণ থাকার ফলে পেয়ারা গাছের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে। এখানকার বাগানগুলো বর্ষাকালে জলে ডুবে যায়, যা পেয়ারা গাছের জন্য প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখে এবং রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন কম হয়।
পিরোজপুর ও পেয়ারা চাষের ঐতিহ্য
পিরোজপুর জেলার পেয়ারা চাষের ইতিহাস দীর্ঘদিনের। বিশেষ করে স্বরূপকাঠি ও নেছারাবাদ উপজেলার বিভিন্ন গ্রাম পেয়ারা উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এক সময় এসব এলাকায় ধানচাষ বেশি হতো, কিন্তু ভূমির গঠন ও জলবায়ুর কারণে পেয়ারা চাষ বেশি লাভজনক হওয়ায় কৃষকরা ধান ছেড়ে পেয়ারা বাগান তৈরিতে আগ্রহী হন।
বর্তমানে এখানকার বিস্তীর্ণ এলাকা পেয়ারা বাগানে পরিণত হয়েছে। পিরোজপুরের পেয়ারা চাষ এতটাই জনপ্রিয় যে এটি বাংলাদেশের ‘পেয়ারা রাজধানী’ নামে পরিচিতি পেয়েছে। বিশেষ করে বর্ষাকালে এখানকার পেয়ারা বাগানগুলোতে পর্যটকদের ভিড় লেগে যায়, যা এ অঞ্চলের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
এখানে যে যে জাতের পেয়ারা চাষ হয়
এখানে নানা জাতের পেয়ারা চাষ হয়, তবে কয়েকটি বিশেষ জাত আলাদা গুরুত্ব পায়:
সবরি পেয়ারা – এটি পিরোজপুরের সবচেয়ে জনপ্রিয় পেয়ারা। ছোট আকারের, গাঢ় সবুজ রঙের, খেতে টকমিষ্টি।
কাজী পেয়ারা – আকারে বড়, রসালো এবং মিষ্টি স্বাদের। এই জাতের পেয়ারার চাহিদা শহুরে বাজারে বেশি।
দেশি পেয়ারা – দেশি পেয়ারা আকারে ছোট, সাদা রঙের। এ জাতের পেয়ারা গ্রামীণ মানুষের সবচেয়ে পছন্দের।
পেয়ারা চাষের প্রক্রিয়া
বাগান তৈরির ধাপ
পেয়ারা চাষ শুরু হয় উপযুক্ত জায়গা নির্বাচন ও চারা রোপণের মাধ্যমে। কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্ত এমন জায়গা নির্বাচন করে, সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চারা লাগান।
সেচ ও সার ব্যবস্থাপনা
পেয়ারার জন্য প্রচুর পরিমাণে জল অর্থাৎ সেচ ব্যবস্থার দরকার হয়। বাগানে প্রাকৃতিকভাবে জলধারা থাকলেও শুষ্ক মৌসুমে কৃষকরা নিয়মিত সেচ দেন। জৈব সার ব্যবহারে গাছের ফলন বৃদ্ধি পায়।
রোগবালাই নিয়ন্ত্রণ
পেয়ারা গাছে মাঝেমধ্যে ছত্রাক ও পোকার আক্রমণ দেখা দেয়। কৃষকরা প্রাকৃতিক উপায়ে রোগ দমন করার চেষ্টা করেন, যাতে ফল রাসায়নিক মুক্ত থাকে।
পেয়ারা সংগ্রহ ও নৌকা বাজার
পিরোজপুরের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে পেয়ারা সংগ্রহের সময়কার নৌকায় ভাসমান বাজার। বর্ষাকালে পেয়ারা বাগানগুলো জলে তলিয়ে যায়, তখন কৃষকরা নৌকা ব্যবহার করে পেয়ারা সংগ্রহ করেন। স্থানীয় বাজারেও পেয়ারার কেনাবেচা নৌকার মাধ্যমে হয়।
কৃষকদের পরিশ্রম ও বাস্তবতা
পিরোজপুরের পেয়ারার পরিচর্যায় কৃষকরা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিরলস পরিশ্রম করেন। গাছের যত্ন নেওয়া, বাগানে নিয়মিত জল দেওয়া, রোগবালাই প্রতিরোধ করা, পেয়ারা সংগ্রহ করা এবং বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত।
চাষিদের কঠোর পরিশ্রম-বর্ষাকালে অনেক সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলের স্রোতের মধ্যে নৌকা বেয়ে পেয়ারা সংগ্রহ ও পরিচর্যার কাজ করতে হয়।
সংরক্ষণের ব্যবস্থা নেই – পেয়ারা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, তাই দ্রুত বিক্রি করতে হয়। সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় অনেক কৃষক ক্ষতির সম্মুখীন হন।
চ্যালেঞ্জ ও উন্নয়নের সুযোগ- যদিও পিরোজপুরের পেয়ারা চাষ অনেক সম্ভাবনাময়, তবুও বেশ কিছু সমস্যা রয়েছে । যেমন:
প্রাকৃতিক দুর্যোগ – অতিবৃষ্টি ও বন্যায় বাগান ক্ষতিগ্রস্ত হবার ফলে কৃষকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন।
প্রক্রিয়াজাতকরণের সুযোগ সীমিত – পেয়ারা থেকে তৈরি বিভিন্ন পণ্যের বাজার আরও সম্প্রসারিত করা দরকার।
সম্ভাব্য সমাধান
সংরক্ষণাগার ও হিমাগার স্থাপন – পেয়ারা সংরক্ষণের জন্য আধুনিক হিমাগার তৈরি করলে কৃষকরা ক্ষতির হাত থেকে বাঁচবেন।
রপ্তানির সুযোগ সৃষ্টি – আন্তর্জাতিক বাজারে পিরোজপুরের পেয়ারা রপ্তানির উদ্যোগ নিলে কৃষকরা আরও লাভবান হবেন।
প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন – পেয়ারা থেকে জ্যাম, জেলি ও অন্যান্য পণ্য উৎপাদনের জন্য উন্নত কারখানা তৈরি করা হলে এই শিল্প আরও বিকশিত হবে ও আরো নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা – প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক অনুদান বা সহজ ঋণের ব্যবস্থা করা উচিত।
পিরোজপুরের পেয়ারা- আমাদের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে। বাংলাদেশের পেয়ারা চাষে পিরোজপুর জেলার অবদান অনস্বীকার্য। প্রতি বছর কয়েকশো কোটি টাকার পেয়ারা এখানে বিক্রি হয় । সরাসরি ও পরোক্ষভাবে কয়েক হাজার কৃষকের কর্মসংস্থান হয়। সঠিক উদ্যোগ নিলে এটি আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা করতে পারে।
ভাসমান পেয়ারা বাজার- বাংলাদেশের এক অনন্য ঐতিহ্য
পিরোজপুরের পেয়ারা চাষের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ভাসমান পেয়ারা বাজার। বর্ষাকালে এখানকার বাগানগুলো জলে তলিয়ে যায়, খালের তীরগুলোতে তখন সারি সারিভাবে বাঁধা থাকে নৌকা। কৃষকরা সেই নৌকা নিয়ে পেয়ারা সংগ্রহ করেন এবং নৌকায় করেই তা বিক্রির জন্য নিয়ে যান।
নৌকার সারি, ঝুড়িভর্তি পেয়ারা, আর জলের বুকে গাছ থেকে সরাসরি পেয়ারা পাড়ার দৃশ্য, এটি শুধু অর্থনীতির অংশ-ই নয়, বরং এটি ভিন্ন মনোরম দৃশ্য তৈরি করে। তাই তো এই জলে ভাসা পেয়ারা বাজার বিশ্বের অন্যতম ব্যতিক্রমী কৃষিপণ্য বাজার, যা হাজারো পর্যটককে আকৃষ্ট করে।
শেষ কথা
পিরোজপুরের পেয়ারা শুধু দেশের কৃষিতে এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ভাসমান পেয়ারা বাজারের সৌন্দর্য থেকে শুরু করে এর স্বাদ ও গুণমান সবকিছুই অনন্য। যদি আমরা সঠিক পরিকল্পনায় পেয়ারা চাষকে আরও সমৃদ্ধ করতে পারি, তাহলে এটি বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকরী ফসলে পরিণত হতে পারে।
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন