ঝালকাঠির গামছা: স্থানীয় কারুশিল্পে সময়ের ছাপ

 


ঝালকাঠির গামছা: স্থানীয় কারুশিল্পে সময়ের ছাপ 

বাংলাদেশ মানেই শ্যামল নদী, মাঠ ও মানুষের শ্রমে গড়ে ওঠা এক দীর্ঘ গৌরবময় ইতিহাস। দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত জেলা ঝালকাঠি এই শ্যামলিমারই একটি সুস্পষ্ট প্রতিচ্ছবি। সুগন্ধা, বিষখালী ও ধানসিঁড়ি নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ একসময় নৌবাণিজ্য, কৃষি ও গ্রামীণ শিল্পচর্চার জন্য সুপরিচিত ছিল। বরিশাল বিভাগের অন্তর্গত উপকূলীয় সমভূমির এই জেলা আয়তনে প্রায় ৭৪৮.৩২ বর্গকিলোমিটার। উত্তরে বরিশাল, দক্ষিণ ও পশ্চিমে পিরোজপুর এবং পূর্বে বরিশাল ও পিরোজপুর জেলার সীমানায় এর অবস্থান। 

ঐতিহাসিকভাবে ঝালকাঠি প্রাচীন বাংলার জনপদের ধারাবাহিক অংশ। নদীপথভিত্তিক যোগাযোগ ব্যবস্থার কারণে মধ্যযুগে এর গুরুত্ব বৃদ্ধি পায় এবং ব্রিটিশ আমলে এটি বরিশাল অঞ্চলের একটি উল্লেখযোগ্য বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। স্বাধীনতার পর প্রশাসনিক পুনর্গঠনের ধারায় ১৯৮৪ সালে ঝালকাঠি জেলা হিসেবে প্রতিষ্ঠা পায় এবং বর্তমানে চারটি উপজেলা নিয়ে গঠিত। ‘ঝালকাঠি’ নামের উৎপত্তিও নদীকেন্দ্রিক বাণিজ্যের কারণে। মরিচের ঝাল ও কাঠের ব্যবসাকে ঘিরে গড়ে ওঠা বাজার থেকেই নামটির প্রচলন হয়েছে বলে ঐতিহাসিক ধারণা রয়েছে। 

ঝালকাঠির কৃষ্টি ও সংস্কৃতি গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। লোকগীতি, পালাগান, ধর্মীয় আচার, গ্রামীণ মেলা এবং নদীকেন্দ্রিক জীবনধারা এই জেলার সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। সাহিত্য ও শিল্পচর্চায়ও এখানে গ্রামীণ সমাজ, কৃষিনির্ভর জীবনব্যবস্থা এবং সাধারণ মানুষের অভিজ্ঞতাই প্রধান উপজীব্য হয়ে উঠেছে।

এই ঐতিহ্যবাহী সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার ভেতরেই বিকশিত হয়েছে ঝালকাঠির এক গুরুত্বপূর্ণ লোকজ উপাদান, গামছা। বিশেষ করে গণি মিয়ার গামছা স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে ঐতিহ্য ও মানের প্রতীক হিসেবে পরিচিত। নদী, কৃষি ও শ্রমনির্ভর জীবনের সঙ্গে গামছার ব্যবহারিক সম্পর্ক যেমন গভীর, তেমনি এর তাঁতশিল্প ঝালকাঠির কারিগরি দক্ষতা ও সাংস্কৃতিক ধারাবাহিকতার একটি উজ্জ্বল নিদর্শন। 

গামছা লোকজ বস্ত্রের ব্যবহারিক রূপ

গামছা বাংলাদেশের মানুষের কাছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অনুষঙ্গ। সাধারণত মোটা সুতি সুতো দিয়ে বোনা এই গামছা সাদা জমিনে সীমিত রঙের পাড়ে বোনা হয়। নকশা ও রঙের সরলতা এর মূল বৈশিষ্ট্য। ঝালকাঠির আর্দ্র জলবায়ু, নদীনির্ভর জীবন ও শ্রমনির্ভর পেশার কারণে এমন এক কাপড়ের প্রয়োজন হয়, যেটি দ্রুত পানি শোষণ করতে পারে, সহজে শুকায় এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। গামছার বুনন ও গঠন এই চাহিদার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।  

উৎপাদন ও তাঁতভিত্তিক ঐতিহ্য

একসময় ঝালকাঠির বিভিন্ন গ্রামে হাতে চালিত তাঁতে গামছা বোনার প্রচলন ছিলো। পরিবারভিত্তিক এই উৎপাদনব্যবস্থা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি আশপাশের এলাকায় সরবরাহ করত। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক বস্ত্রপণ্যের প্রসারে এই শিল্পের পরিসর কমেছে, তবে এখনও কিছু পরিবার ঐতিহ্যগতভাবে এই পেশা ধরে রেখেছে। 

তাঁতশিল্প এখানে মূলত অভিজ্ঞতাভিত্তিক হস্তশৈলির কাজ। প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা বুনন কৌশলই এই শিল্পের প্রধান শক্তি। পুঁজি ও যন্ত্রের ব্যবহার সীমিত হলেও শ্রম ও দক্ষতার ওপর নির্ভর করেই এই গামছা উৎপাদিত হয়।   



গামছা তৈরির প্রক্রিয়া

ঝালকাঠির গামছা উৎপাদনের প্রক্রিয়া মূলত অভিজ্ঞতা ও শ্রমনির্ভর। প্রথমে সুতি সুতো সংগ্রহ করে তা পরিষ্কার ও শুকানো হয়। এরপর হাতে বা সাধারণ চরকায় সুতো পাকানো হয়, যাতে বুননের সময় সমান টান বজায় থাকে। তাঁতের তানা ও বানা প্রস্তুত করার পর নির্দিষ্ট ছন্দে বুনন শুরু হয়।  

এই বুনন প্রক্রিয়ায় কোনো লিখিত নকশা বা ছক অনুসরণ করা হয় না, দীর্ঘদিনের অভ্যাস ও চোখের মাপই এখানে প্রধান নির্দেশক। পাড়ের রঙ, ডোবার সংখ্যা কিংবা ফাঁকের সমানত্ব সবই তাঁতশিল্পীদের অভিজ্ঞতা ও নান্দনিক বোধের ওপর নির্ভরশীল। একটি গামছা বুনতে সময় লাগে কয়েক ঘণ্টা থেকে এক দিন পর্যন্ত, যা পুরোপুরি হাতে করা শ্রমের ফল।   

এই প্রক্রিয়াই গামছাকে মেশিনে তৈরি কাপড় থেকে আলাদা করে, কারণ প্রতিটি গামছার মধ্যেই তাঁতির ব্যক্তিগত রুচির  ছাপ থেকে যায়।  

বাংলা সংস্কৃতিতে গামছার শিল্পগুণ ও প্রতীকী অর্থ

গামছা বাংলার শ্রমজীবী মানুষের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। কৃষকের কাঁধে, মাঝির মাথায় কিংবা শ্রমিকের গলায় জড়ানো গামছা বাংলার গ্রামীণ জীবনের এক চিরচেনা দৃশ্য। এই দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে বাংলার আপামর জনসাধারণের পরিশ্রম, স্বকীয়তা ও দৈনন্দিন বাঙালি জীবনের চিরাচরিত গল্প।    

শিল্পগুণের দিক থেকেও গামছা গুরুত্বপূর্ণ। এর সীমিত রঙ, নকশা ও জ্যামিতিক বিন্যাস লোকজ নান্দনিকতার প্রতিনিধিত্ব করে। অতিরিক্ত অলংকারবর্জিত ছিমছাম এই নকশাই গামছার সৌন্দর্যের মূল শক্তি। লোকশিল্পে যেমন সরলতাই মূল ভাষা, গামছাও তেমনই বাঙালির সহজ সুন্দর নন্দনতত্ত্বের পরিচয়।  

বাংলা সাহিত্য, নাটক ও চিত্রকলায় গামছা প্রায়ই শ্রম ও গ্রামীণ জীবনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, যা এর সাংস্কৃতিক গুরুত্বকে আরও দৃঢ় করে। 

আধুনিক ফ্যাশন ও অন্দরসজ্জায় গামছার নতুন ব্যবহার

সময়ের সঙ্গে সঙ্গে গামছা তার ঐতিহ্যবাহী ব্যবহার ছাড়িয়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছে। গামছার নকশা ও রঙ ব্যবহার করে তৈরি হচ্ছে কুশন কভার, পর্দা, টেবিল রানার, দেয়ালসজ্জা ও অন্যান্য অন্দরসজ্জার সামগ্রী। এতে লোকজ বস্ত্র আধুনিক ঘরের নান্দনিকতার অংশ হয়ে উঠছে। 

এছাড়া গামছার নকশা অনুপ্রেরণায় তৈরি হচ্ছে শাড়ি, ওড়না, কুর্তি, পাঞ্জাবি ও ফ্যাশন অনুসঙ্গ। তরুণ ডিজাইনাররা গামছার ডোরা ও পাড়কে আধুনিক কাটিং ও রঙের সঙ্গে মিলিয়ে নতুন ধারার পোশাক তৈরি করছেন। এর ফলে গামছা শুধু গ্রামীণ ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে শহুরে ফ্যাশন সচেতনতার অংশ হয়ে উঠছে। এই রূপান্তর গামছাকে একটি লোকজ বস্ত্র থেকে সমসাময়িক নকশাভিত্তিক শিল্পপণ্যে উন্নীত করেছে।

উপসংহার

ঝালকাঠির গামছা লোকজ শিল্পের অংশ। হাতে বোনা প্রক্রিয়া, সরল অথচ কার্যকর নকশা এবং বহুমুখী ব্যবহার, সব মিলিয়ে গামছা ঝালকাঠির সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিচ্ছবি। 

একদিকে যেমন এটি শ্রমনির্ভর জীবনের প্রয়োজন মেটায়, অন্যদিকে আধুনিক ফ্যাশন ও অন্দরসজ্জায় নতুন সম্ভাবনা তৈরি করছে। এই গামছার ভেতর দিয়েই একটি অঞ্চলের ইতিহাস, শ্রম, শিল্পবোধ ও সময়ের পরিবর্তন একসঙ্গে পাঠ করা যায়।

তথ্যসূত্র

বাংলাদেশ লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্র: গ্রামীণ বস্ত্র ও লোকজ শিল্প
বাংলা একাডেমি: বরিশাল অঞ্চলের লোকসংস্কৃতি বিষয়ক প্রকাশনা
জেলা গেজেটিয়ার: ঝালকাঠি
স্থানীয় তাঁতশিল্পী ও বাজারভিত্তিক প্রাথমিক তথ্য




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সুনামগঞ্জের শিমুল বাগান: বসন্তের রঙে প্রকৃতির লাল গালিচা

শিল্পের রাজধানী: জামদানির সূচনা ও গৌরব

ঠাকুরগাঁওয়ের গম: বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদনের উত্তরীয়